
আমাদের সমাজে প্রচলিত ৪টি ভিত্তিহীন জাল হাদিস,
১/ শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম,
২/আমার উম্মতের আলিমগণ বনী ইসরাঈলের নবীগণের মত,
৩/আলিমের চেহারার দিকে তাকানো,
৪/আলিমের ঘুম ইবাদত,
~~~~~~~~~~~~~~~~~~~~~
১/ইলেমের ফযীলতে বানানো একটি জাল হাদীস:
مِدَادُ الْعُلَمَاءِ أَفْضَلُ مِنْ دِماَءِ الشُّهَدَاءِ
‘‘শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম।’’ সাখাবী, যারকানী, মোল্লা আলী কারী প্রমুখ মুহাদ্দিস জানিয়েছেন যে, কথাটি খুব সুন্দর শোনালেও তা রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা নয়। যারকাশী বলেছেন: বাক্যটি আসলে তাবিয়ী হাসান বসরীর (রাহ) উক্তি। [1]
[1] সাখাবী, আল-মাকাসিদ, ৩৭৭ পৃ:, যারকানী, মুখতাসারুল মাকাসিদ ১৭২ পৃ:, মোল্লা কারী, আল আসরার, ২০৭ পৃ, আল-মাসনূয়, ২৫৫ পৃ, শাওকানী, আল-ফাওয়াইদ ২/৩৬৯।
_____________________________
২/আমার উম্মতের আলিমগণ বনী ইসরাঈলের নবীগণের মত
আলিম ও ধার্মিকদের মধ্যে বহুল প্রচলিত একটি বাক্য:
عُلَمَاءُ أُمَّتِي كَأَنْبِيَاء بَنِيْ إسْرائِيْلَ
‘‘আমার উম্মতের আলিমগণ বনী ইসরাঈলের নবীগণের মত।’’
মুহাদ্দিসগণ একমত যে, এ বাক্যটি রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা নয়, বরং তাঁর নামে প্রচালিত একটি ভিত্তিহীন, সনদহীন মিথ্যা, বানোয়াট ও জাল কথা।[1] অনেক ওয়ায়িয এ মিথ্যা হাদীসকে কেন্দ্র করে বানোয়াট গল্প বলেন যে, মূসা (আ)-এর সাথে নাকি রাসূলুল্লাহ ﷺ-এর এ নিয়ে বিতর্ক হয়েছিল! নাউযূ বিল্লাহ! কি জঘন্য বানোয়াট কথা!!
এখানে উল্লেখ্য যে, আলিমদের ফযীলতে বর্ণিত একটি হাসান হাদীস:
اَلْعُلَمَاءُ وَرَثَةُ الأَنْبِيَاءِ
‘‘আলিমগণ নবীদের উত্তরাধিকারী।’’
তিরমিযী, আবূ দাউদ, ইবনু মাজাহ প্রমুখ মুহাদ্দিস হাদীসটি সকংলন করেছেন। আমাদের উচিত বানোয়াট কথা রাসূলুল্লাহ (ﷺ)-এর নামে বলে গোনাহগার না হয়ে এ সকল গ্রহণযোগ্য হাদীস আলোচনা করা।
[1] সাখাবী, আল-মাকাসিদ, ২৯৩পৃ; মোল্লা কারী, আল আসরার, ১৫৯পৃ, আল-মাসনূ ১৯৬পৃ; যারকানী, মুখতাসারুল মাকাসিদ ৬৫২ পৃ, শাওকানী, আল-ফাওয়াইদ ২/৩৬৮।
________________________________
৩/আলিমের চেহারার দিকে তাকানো
আলিমদের ফযীলতে বানানো অন্য একটি জাল হাদীস:
نَظْرَةٌ إِلَى وَجْهِ الْعَالِمِ أَحَبُّ إِلَى اللهِ مِنْ عِبَادَةِ سِتِّيْنَ سَنَةً صِيَاماً وَقِيَاماً
‘‘আলিমের চেহারার দিকে তাকানো আল্লাহর কাছে ৬০ বছরের সিয়াম (রোযা) ও কিয়াম (তাহাজ্জুদের) ইবাদতের চেয়ে অধিক প্রিয়।’’
অন্য জাল হাদীসে বলা হয়েছে:
النَظَرُ إِلَى وَجْهِ الْعَالِمِ عِبَادَةٌ ً
‘‘আলিমের চেহারার দিকে তাকানো একটি এবাদত।’’
এ দুটি বাক্যের কোনটিই হাদীস নয়। মুহাদ্দিসগণ বাক্য দুটিকে মিথ্যা বা বানোয়াট হাদীস বলে উল্লেখ করেছেন।[1]
[1] সাখাবী, আল-মাকাসিদ, ৪৪২পৃ, মোল্লা কারী, আল আসরার, ২৫৩ পৃ, যারকানী, মুখতাসারুল মাকাসিদ ১৯৬ পৃ।
_________________________________
৪/ আলিমের ঘুম ইবাদত
এ ধরনের আরেকটি জাল ‘হাদীস’:
نَوْمُ الْعَالِمِ عِبَادة
‘‘আলিমের ঘুম ইবাদত।’’ মোল্লা আলী কারী বলেন: ‘‘রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা (মারফূ হাদীস) হিসেবে এ বাক্যটির কোন অস্তিত্ব নেই।’’[1]
[1] মোল্লা আলী কারী, আল আসরারু, ২৫৫ পৃ।
____________________________________
বই: হাদিসের নামে জালিয়াতি
লেখক: খোন্দকার ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ)
No comments:
Post a Comment